ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) নিজ অফিস কক্ষে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার ( ৪ মার্চ) রাত ৯ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
নিহতের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে তাঁরা বলেন, এমন নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা স্তম্ভিত। এটা মেনে নেয়া যায় না। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে এই শোক বহনের ধৈর্য্য ও শক্তি দান করুন।
তাঁরা এই পাশবিক ঘটনার কারণ অনুসন্ধান, যথাযথ বিচার এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না-ঘটতে পারে সে ব্যাপারে করণীয় নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত, বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসমা সাদিয়া রুনা মারা যান।
