নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার দুজন আসামি এবং মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে ভৈরবের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্যারেজ মালিক মো. অপু মিয়াকে (৪০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা গ্যারেজ ভাঙচুর করে নগদ ৯৭ হাজার টাকাসহ ১০টি অটো রিকশা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি ভৈরব থানায় একটি হত্যাচেষ্টা মামলা (নং-২২) দায়ের করেন।
মামলা রুজুর পর র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প (সিপিসি-২) ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত সোয়া ২টা থেকে পৌনে ৩টার মধ্যে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি শোভন ওরফে শুভ (২৬) ও রুবেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৩টার দিকে একই ক্যাম্পের অপর একটি দল ভৈরবের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য সাজিদ মিয়াকে (৫০) গ্রেপ্তার করে।
র্যাব জানায়, সাজিদ ও তার চক্রের অন্য সদস্যরা ভৈরবপুর এলাকার রোকসানা বেগমের ছেলে এবং চণ্ডিবের এলাকার এক ব্যক্তিকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তাদের ইতালি না পাঠিয়ে লিবিয়ায় পাচার করে আটকে রাখে এবং পরবর্তীতে মুক্তিপণ হিসেবে আরও ২৭ লাখ টাকা আদায় করে। এ ঘটনায় আদালতে পিটিশন মামলার পর গত বছরের ২৯ এপ্রিল ভৈরব থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা (নং-৫২) রুজু হয়।
গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
