মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ
অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাইবান্ধা জেলা পরিষদ। চরম আর্থিক সংকটে থাকা জেলার ৯৬ জন মানুষের মাঝে মোট ৩ লাখ ৯৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। জানা যায়, আকস্মিক অসুস্থতার চিকিৎসা, পরিবারের ভরণপোষণ কিংবা নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানো—দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য প্রায়শই দুরূহ হয়ে পড়ে।
এমন বাস্তবতায় জেলা পরিষদের এই আর্থিক সহায়তা উপকারভোগীদের দুর্দিনে কিছুটা স্বস্তি ও ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে। জেলা পরিষদ সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলার অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা প্রদান কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে আসছে জেলা পরিষদ।
সরকারি প্রতিষ্ঠানের এমন মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা স্থানীয় পর্যায়ে দারুণ প্রশংসিত হয়েছে। সচেতন মহলের মতে, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে।
বিশেষ করে সংকটাপন্ন মানুষের চরম প্রয়োজনের মুহূর্তে কার্যকর সহযোগিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্থানীয়দের প্রত্যাশা, গাইবান্ধা জেলা পরিষদের এই কল্যাণমুখী ও মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে, যার মাধ্যমে জেলার আরও অধিকসংখ্যক অসহায় মানুষ উপকৃত হতে পারবেন।




