জাহিদুল ইসলাম ডিমলা:
দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস -২০২৬’ উদযাপিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয়ে এক আলোচনা সভা এবং যুবঋণের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ডিমলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআইয়ের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রোকনুজ্জামান বকুল, এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় অসংখ্য তরুণ-তরুণী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুবসমাজ পরিবর্তিত হলে বাংলাদেশও পরিবর্তিত হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রথমে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। চাকরির পেছনে ছোটা থেকে বেরিয়ে এসে দক্ষতা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তরুণদের কর্মমুখী হতে হবে। বক্তারা আরও বলেন, প্রত্যেক তরুণের মেধা ও যোগ্যতা এক নয়। কেউ খেলাধুলায়, কেউ সংগীতে, আবার কেউ কারিগরি কাজে দক্ষ।
তাই প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ঋণ সহায়তা এবং বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তরুণদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসব উদ্যোগের মাধ্যমে বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। সরকারের এসব সুযোগ কাজে লাগিয়ে তরুণদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও সুযোগ তৈরি করতে হবে। তিনি আরও বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।
একটি সমৃদ্ধ, কর্মমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এবং স্বাবলম্বী করে তুলতে উপজেলা যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলার সচেতন নাগরিকগণ বলেন এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মেধা বিকাশে উৎসাহ প্রদান এবং দুর্যোগ মোকাবিলা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যুবদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।




