সোমবার, নভেম্বর ২

 ইউক্রেন যুদ্ধের দীর্ঘতম যুদ্ধবিরতির অবসান হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলে সীমিত পরিসরে কার্যকর এ যুদ্ধবিরতি রোববার শেষ হয়। এর মেয়াদ বাড়ানোর প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় বিরল এ যুদ্ধবিরতি কার্যকর হয়। মঙ্গলবার ভোরে শুরু হওয়া এ বিরতির ফলে রাশিয়ার দখলে থাকা ওলেশকি শহরে একটি মানবিক সহায়তা মিশন পরিচালনা করা সম্ভব হয়। এ সময় যুদ্ধ পঞ্চম বছরে গড়িয়েছে।

 কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুদ্ধবিরতি শুরুর পর কোনো পক্ষই এর লঙ্ঘনের অভিযোগ করেনি। ইউক্রেনের একজন আইনপ্রণেতা এ পরিস্থিতিকে ২০২২ সালের পর ‘সবচেয়ে বড় উত্তেজনা প্রশমন’ হিসেবে অভিহিত করেছেন।

ইউক্রেনের পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক কমিশনার দিমিত্রো লুবিনেৎস বলেন, ‘২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকা যুদ্ধবিরতির অবসান হয়েছে।’

তিনি রাশিয়ার সঙ্গে যৌথ মানবিক প্রচেষ্টার ক্ষেত্রে এ সাময়িক যুদ্ধবিরতিকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। চলতি মাসে এ আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিয়েভকে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। তবে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওয়াশিংটন কিয়েভকে শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থা সরবরাহ করলে তার দেশ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করবে।

বিমান হামলার সতর্কতামূলক অ্যাপ হ্যাক-

খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর প্রকুদিন যুদ্ধবিরতি শেষ হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান। রাশিয়ার হামলার বিষয়ে সতর্কবার্তা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
রোববার পরে ইউক্রেনের বিমানবাহিনী ও অপতথ্যবিরোধী কেন্দ্র জানায়, দেশটির বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থায় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলে তাদের সন্দেহ। এ সময় অ্যাপটিতে তেজস্ক্রিয়তার হুমকি নিয়ে ভুয়া সতর্কবার্তা দেখা যায়।

যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক মিনিট পর এ ঘোষণা আসে।

বিমানবাহিনী এক বার্তায় জানায়, ‘এয়ার অ্যালার্ম অ্যাপ্লিকেশনটি সম্ভবত শত্রুপক্ষের হস্তক্ষেপের শিকার হয়েছে। তেজস্ক্রিয়তার কোনো হুমকি নেই।’

বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত এএফপি’কে অ্যাপটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ইউক্রেনের কৌশলগত যোগাযোগ কেন্দ্র স্প্রাভদি তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে।

তবে ইউক্রেনের রাজধানী কিয়েভের জন্য বিশেষভাবে তৈরি পৃথক একটি অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা-

২০২২ সালের শুরুর দিকে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে এ সংঘাতে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ধ্বংস হয়েছে। এতে কয়েক লাখ সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন লাখ লাখ মানুষ।

এএফপি খেরসনের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলেছে। তাদের একজন যুদ্ধবিরতিকে ‘স্বস্তির নিঃশ্বাস’ হিসেবে বর্ণনা করেন।

৩৮ বছর বয়সী মালী ভলোদিমির ওমেলচেঙ্কো বলেন, ‘কাজগুলো শেষ করতে আমাদের এ সময়টুকু কাজে লাগাতে হবে। শীতের প্রস্তুতি হিসেবে আমরা গোলাপগাছের ডালপালা ছাঁটাই করছি।’

ওলেশকিতে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন পোপ লিও। সাময়িক এ বিরতি ‘সংলাপের আকাঙ্ক্ষাকে আরও জোরদার করবে এবং নতুন ও কার্যকর শান্তি উদ্যোগের পথ খুলে দেবে’ বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার লড়াই শুরু হলে পরিস্থিতি আগের চেয়েও ভয়াবহ হতে পারে বলে তিনি উদ্বিগ্ন।

ওই কর্মকর্তা বলেন, গত কয়েক দিনের শান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে দিনিপ্রো নদীর অপর পারে অবস্থানরত রুশ বাহিনী নতুন সেনা সমাবেশ করেছে। তারা গোলাবারুদের মজুত পরিবহন করেছে এবং নজরদারি ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।

তেল শোধনাগারে হামলার খবর-

রোববার অন্যান্য এলাকায় রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ওপর হামলা চালিয়েছে।

রাশিয়া জানায়, রোববার ভোরে মস্কোর পূর্বাঞ্চলে একটি ‘শিল্পপ্রতিষ্ঠানে’ ড্রোন হামলা হয়েছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, কিয়েভ রাশিয়ার কস্তোভো তেল শোধনাগারে হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমগুলো একে রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগার হিসেবে উল্লেখ করেছে। এখানে জ্বালানি ও লুব্রিকেন্ট উৎপাদন করা হয়।

রাশিয়ার হামলার জবাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানোর অংশ হিসেবে কিয়েভ বারবার রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হেনেছে বলে জানিয়েছে।

ইরান যুদ্ধের কারণে ডিজেলের দাম বাড়ার জন্য ইউক্রেনের এসব হামলাকে দায়ী করে ট্রাম্প কিয়েভকে হামলা বন্ধের চাপ দিয়ে আসছেন। তবে বিশ্লেষকদের মতে, ডিজেলের দাম বাড়ার কারণ ইরান যুদ্ধ।

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ বিষয়ে ট্রাম্প ও তার দলের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা বলেছি, আপনারা যদি চান আমরা রাশিয়ার শোধনাগারে হামলা না করি, তাহলে তাদেরও আমাদের জ্বালানি ব্যবস্থায় হামলা বন্ধ করতে হবে।

আরেকটি বিকল্প হলো, আমাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিন। আমরা এর জন্য অর্থের ব্যবস্থা করব, শুধু সহায়তার ওপর নির্ভর করব না।’

এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রোববার রাজধানী কিয়েভসহ দেশজুড়ে নতুন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

অন্যদিকে, রাশিয়ার নিয়োগ করা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার গভীর রাত থেকে রোববার বিকেল পর্যন্ত রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন এলাকায় ইউক্রেনের হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

তবে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

বর্তমানে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপ, পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের অধিকাংশ এলাকা, যা সম্মিলিতভাবে দনবাস নামে পরিচিত। এ ছাড়া দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলের বড় অংশও রাশিয়ার দখলে রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version