শনিবার, অক্টোবর ৩১

মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি :

বরগুনার তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এনায়েত হাওলাদার (৭০) গুরুতর আহত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অপর আহত নুরুল আমিন (৫৭) ও তাঁর ছেলে মো. শফিউল্লাহ সুমন (৩৮) স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের শানুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে দাবি ভুক্তভোগীদের। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এনায়েত হাওলাদার, নুরুল আমিন ও শফিউল্লাহ সুমন গাড়িতে করে শানুর বাজার এলাকায় পৌঁছালে আলমগীর হোসেন বাচ্চুর নেতৃত্বে একদল লোক তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এনায়েত হাওলাদারকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। আহত নুরুল আমিন অভিযোগ করে বলেন, মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদারের কাছ থেকে ১৯৮৫ সালে তাঁরা দুই একর জমি ক্রয় করেন।

এরপর থেকে দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। তবে গত বছর থেকে বাচ্চু ও তাঁর সহযোগীরা জমিটির মালিকানা দাবি করে তাঁদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে বাচ্চু পক্ষের লোকজন ঘর নির্মাণের চেষ্টা করলে তাঁরা থানায় অভিযোগ দেন। অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে শানুর বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া আলমগীর হোসেন বাচ্চুর (৪৩) নেতৃত্বে মঞ্জু (৪৫), আউয়াল (৬০), ইউসুফ (৪৫), বেল্লাল (২৫)সহ ১০-১২ জন তাঁদের ওপর হামলা চালান।

এ সময় হামলাকারীদের হাতে রড, এসএস পাইপ ও রামদাসহ দেশীয় অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। নুরুল আমিনের ভাষ্য অনুযায়ী, হামলায় এনায়েত হাওলাদারের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত এনায়েত হাওলাদার তালতলী উপজেলার পূর্ব ঝাড়াখালী গ্রামের মৃত তালেব আলী হাওলাদারের ছেলে।

নুরুল আমিন একই এলাকার মৃত মাওলানা শামসুল হকের ছেলে। তিনি পেশায় একজন মাদ্রাসাশিক্ষক। আহত শফিউল্লাহ সুমন তাঁর ছেলে। এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন বাচ্চু ও তাঁর পক্ষের অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version