জাহিদুল ইসলাম ডিমলা:
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের শত বছরের ঐতিহ্যবাহী গাছবাড়ি খেলার মাঠ দখলচেষ্টার ৬ ঘণ্টার মধ্যে মাঠটি দখল মুক্ত করেছে ডিমলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীদের বিরুদ্ধে মাঠে গাছের চারা রোপণ করে দখলচেষ্টার অভিযোগ ওঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগে সেই দিন রাত ৮টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের অভিযানে মাঠটি দখলমুক্ত করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নাউতারা ইউনিয়নের গাছবাড়ি এলাকায় অবস্থিত এ ঐতিহ্যবাহী মাঠটি শত বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর খেলাধুলার অন্যতম প্রধান স্থান হিসেবে পরিচালিত হয়ে আসছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় দিবসের অনুষ্ঠান, ধর্মীয় ওয়াজ মাহফিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশসহ নানা আয়োজন এই মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিনী কুমার রায় বলেন, মাঠ দখলের বিষয়টি জানিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেন।
পরে উপজেলা প্রশাসনের অভিযানে মাঠটি দখলমুক্ত করা হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ‘আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে দখল করে গাছ লাগানোর বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিনী কুমার রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে মাঠে রোপণ করা গাছপালা সরানো হয়েছে।
অবিলম্বে মাঠটি উদ্ধার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা ভূমি রেকর্ড বিরোধ, সঠিক সীমানা এবং মাঠটি স্থায়ী সুরক্ষা আইনি নিষ্পত্তির দাবি করে স্থানীয়রা। স্থানীয়রা আরও দাবি করেন যদি কোন স্থায়ী সমাধান না থাকে তবে ভবিষ্যতে আবার মাঠটি দখল করার একটি প্রচেষ্টা হতে পারে। তবে মাঠটি দখল মুক্ত করায় এ বিষয় ডিমলা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।




