শনিবার, অক্টোবর ৩১

নিজস্ব প্রতিবেদক: শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কক্ষের স্বাচ্ছন্দ্য ছেড়ে প্রখর রোদের মাঝেই হাতে কাস্তে ও ঝাড়ু নিয়ে মাঠে নেমেছেন জেলার শীর্ষ কর্মকর্তারা। ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষায় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজেরাই ঝোপঝাড় পরিষ্কার করে তৈরি করলেন অনন্য দৃষ্টান্ত।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে এমনই এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক দৃশ্য চোখে পড়ে। ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোনা জেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এদিন, নেত্রকোনা সড়ক ও জনপথ অধিদপ্তর কার্যালয়ের ভেতরে পুকুর পাড় এবং জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদের আশপাশের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। এই কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন নেত্রকোনা স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) তোফায়েল আহমেদ।

গতানুগতিক কেবল নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে, কর্মকর্তারা নিজেরাই হাতে তুলে নেন পরিচ্ছন্নতার হাতিয়ার। কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজাকে নিজে কাস্তে হাতে নিচু হয়ে পরম যত্নে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায়। অন্যদিকে, জলাশয়ের ধারের বড় বড় ঘাস ও জঙ্গল পরিষ্কারেও সরাসরি অংশ নেন কর্মকর্তারা।

দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে। জনসচেতনতামূলক এই আয়োজনে ছিল নেত্রকোনা জেলা প্রশাসন এবং নেত্রকোনা পৌরসভা।

সড়ক ও জনপথ বিভাগ এবং নেত্রকোনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রশাসনের শীর্ষ কর্তাদের এমন মাটিতে নেমে কাজ করার দৃশ্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্বশীল কর্মকর্তারা যখন নিজেরাই চারপাশ পরিষ্কার রাখতে মাঠে নামেন, তখন তা সাধারণ নাগরিকদেরও তাদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে দারুণভাবে উৎসাহিত করে। ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের অংশগ্রহণমূলক ও ‘সফট’ উদ্যোগ নেত্রকোনাবাসীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version