বুধবার, অক্টোবর ১৪

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ই অক্টোবর) শেষরাতে আকস্মিক অগ্নিকাণ্ডের ফলে ব্যাংকের দুটি মোটরসাইকেল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ব্যাংকের নৈশপ্রহরী আইনুদ্দীনের মতে, তিনি যখন ফজরের নামাজ পড়ছিলেন, তখন হঠাৎ বোমার মতো বিকট শব্দ শুনতে পান। তিনি বলেন, “আমি নামাজ পড়ে বসেছিলাম। এমন সময় একটা শব্দ শুনে দরজা খুলে দেখি ধোঁয়া আর আগুন। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করি, উপরের তলায় থাকা স্টাফদের ডেকে তুলি এবং ম্যানেজারকে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিই।” তিনি আরও জানান ঘটনার সময় কাউকে পালিয়ে যেতে দেখেননি।

সংবাদ পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাংক শাখার প্রবাহ অফিসার রঞ্জন কুমার কুন্ড জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে দুটি মোটরসাইকেল ও কিছু নথিপত্র পুড়ে গেছে।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, “সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করা যায়নি। এটি কোনো দুর্ঘটনা নাকি নাশকতামূলক কাজ তা তদন্ত করে দেখা হচ্ছে।”

বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের পেছনের কারণ জানতে সকলেরই দৃষ্টি এখন পুলিশি তদন্তের দিকে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version