বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হচ্ছে আজ। শনিবার (১০ অক্টোবর) মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দেবীপক্ষ। একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় তর্পণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
মহালয়া দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ একটি তিথি। শাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। পুরাণ অনুযায়ী, ব্রহ্মার বর পেয়ে মহিষাসুর এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে দেবতারাও তাকে পরাজিত করতে পারেননি।
পরে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তিতে সৃষ্টি হয় দেবী দুর্গার। দেবতাদের দেওয়া অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং তাঁকে বধ করেন।
আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপূজা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
এ বছর দেবী দুর্গা ঘোটকে (ঘোড়া) আগমন করবেন এবং নৌকায় গমন করবেন বলে ধর্মীয় বিশ্বাস প্রচলিত রয়েছে। এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।




