বৃহস্পতিবার, অক্টোবর ১

রাজধানীর ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়ায় মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষে আহত সাংবাদিক সিফাতকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, নাগরিকদের নির্বিঘ্নে ফুটপাত ব্যবহারের সুযোগ নিশ্চিত করতেই নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত দখলের সমস্যা কয়েক মাসের নয়; দীর্ঘদিন ধরে ধীরে ধীরে এই দখল বিস্তৃত হয়েছে। এর ফলে নগরবাসীর স্বাভাবিকভাবে ফুটপাত দিয়ে চলাচলের অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। কাঙ্ক্ষিত সফলতা অর্জিত না হওয়া পর্যন্ত ডিএনসিসির পক্ষ থেকে অভিযান চলবে বলেও জানান তিনি। তিনি জানান, মিরপুর এলাকায় এর আগে গত সপ্তাহে তিনবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। বুধবার (৩০ সেপ্টেম্বর) একই এলাকায় চতুর্থ দফার অভিযানের সময় সংঘর্ষ ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনায় ডিএনসিসির কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ও অন্যান্য যানবাহন ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে।

এদিকে গতকালের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মিরপুর ও কাফরুল থানায় মোট চারটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর মডেল থানায় করা তিন মামলার দুটির বাদী পুলিশ এবং একটি ডিএনসিসি। এসব মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তির ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলাগুলোতে নাম উল্লেখ করে ১৭ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মামলায় ৪০০ থেকে ৫০০ জন করে অজ্ঞাতনামা আসামি রয়েছে। গাড়ি পোড়ানোর ঘটনায় কাফরুল থানায় করা মামলাটিতেও ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানিয়েছেন, ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য তথ্য যাচাই করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

উচ্ছেদ অভিযানের সময় পুলিশ ও ডিএনসিসির কর্মীদের সঙ্গে হকারদের সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মী আহত হন। সংঘর্ষের সময় তিনটি ডিএনসিসির ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি, ভেকু ও কয়েকটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে পুলিশের সঙ্গে সমন্বয় নিয়ে প্রশ্নের বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, প্রতিটি উচ্ছেদ অভিযানের আগে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় এবং অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকেন। তবে প্রয়োজনের তুলনায় বেশি পুলিশ সদস্য থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হতো বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতের অভিযানে প্রয়োজন অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, উচ্ছেদের পর ফুটপাত যাতে আবার দখল না হয়, সে বিষয়েও নজর রাখা হবে। কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version