নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ মো. সুজন মিয়া (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মো. সুজন মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার চৈতানগর গ্রামের মো. হাছেন আলী ও জুলেখা খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক চোরাচালান রোধে মঙ্গলবার বিকেলে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। সেখানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিলেন। এ সময় নেত্রকোনার কলমাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চন্দ্রডিঙ্গা ট্রাভেলস’ নামক যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়।
তল্লাশিকালে বাসটির যাত্রী সুজন মিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হলে তার মালামাল পরীক্ষা করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত প্রতিটি মদের আনুমানিক বাজার মূল্য তিন হাজার পাঁচশো টাকা করে ৪২ হাজার টাকা মূল্যমানের বলে পুলিশ জানিয়েছে।
এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, পুলিশের নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালীন ঢাকাগামী বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ওই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।



