নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নেত্রকোনায় সাদিয়া আক্তার নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।ওই তরুণী নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তবে জেলা এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলে তার কোনো বৈধ পদবি নেই।
আটককৃত সাদিয়া আক্তার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের তথ্যানুযায়ী, ফ্যামিলি কার্ড করে দেওয়ার নাম করে সাদিয়া বেশ কয়েকজনের কাছ থেকে জনপ্রতি তিন হাজার টাকা করে আদায় করছিলেন।
পুলিশ প্রাথমিকভাবে প্রিয়া আক্তার, সুমি আক্তার এবং ইতি আক্তার নামের তিনজনের কাছ থেকে টাকা নেওয়ার তথ্য জানতে পেরেছে। সব মিলিয়ে অন্তত পাঁচ জনের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তরুণীকে আটক করে হেফাজতে নেয়। ওসি আরও জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে এনসিপি নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন আকন্দ জানান, সাদিয়া আক্তার নিজেকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দাবি করলেও জেলা কমিটিতে তার কোনো পদ নেই। বয়সের কারণে তিনি জেলা কমিটির পদ পাওয়ার যোগ্য নন বলে এই নেতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সাদিয়া একসময় দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলেও সাংগঠনিক পর্যায়ে তার কোনো অবস্থান নেই।



