রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার জাতীয় সংসদের ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা অধ্যক্ষ আব্দুস সাত্তারকে নতুন এই দায়িত্ব প্রদান করায় তাঁর নির্বাচনি এলাকা ডোমার ও ডিমলায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়া প্রকাশ করে তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের গতি ফেরাতে এবং দেশের শ্রমিক সমাজের সার্বিক কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। একই সাথে নীলফামারী-১ আসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখতে তিনি জনগণের দোয়া ও সহায়তা কামনা করেন।



