রবিবার, অক্টোবর ১৮

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয়জনকে আটক এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

রবিবার (৩০ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে জুয়াড়িদের আদালতে প্রেরণ এবং বালু উত্তোলনকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার বিষয়টি নিষ্পত্তি করা হয়। উপজেলার গাজীপুর ও মেন্দিপুর ইউনিয়নে জোড়া অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামসংলগ্ন চলতি নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে খালিয়াজুরী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি নৌকা (বাল্কহেড), ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনের কাজে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইসলামপুর গ্রামের কবির হোসেনের ছেলে মো. শামীম (৩২), জয়নাল আবেদীনের ছেলে সৈয়দ হোসেন (২৭), একই উপজেলার শামীম (৩০), জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের জাকির হোসেনের ছেলে হাসান মিয়া (২০) এবং মশালঘাট গ্রামের মাহবুব হোসেনের ছেলে ইয়াসিন মিয়া (২২)।

রবিবার দুপুরে খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী আটক পাঁচজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের মুক্তির প্রক্রিয়া চলছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

এসিল্যান্ড আরও জানান, জব্দকৃত বালু খালিয়াজুরী ভূমি অফিসের সার্ভেয়ারের জিম্মায় রাখা হয়েছে, যা পরবর্তীতে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। এছাড়া জব্দ করা বাল্কহেডটি মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের বনগাঁও এলাকায় পুলিশ অভিযান চালায়। ওই এলাকার রুবেল নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে বসা জুয়ার আসরে হানা দিয়ে নগদ পাঁচ হাজার ৭৭০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ছয়জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- পাঁচহাট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে রনি হাসান কোহিনুর (৫৪), মৃত খাদেম আলীর ছেলে মো. মোবাশ্বির মিয়া (৪০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হিরন মিয়া (২৬), মৃত আলী হোসেনের ছেলে মো. উছমান ওরফে ইনছু (৪০), মৃত মিরাশ মিয়ার ছেলে লৌহক মিয়া (৫৫) এবং অপর একজন সহযোগী।

খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সুব্রত ঘোষ এবং পুলিশ সদস্য আব্দুল হান্নানের অংশগ্রহণে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (রবিবার) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version