নিজস্ব প্রতিবেদক: এসএসসি-২০২৬ পরীক্ষায় ইংরেজি বিষয়ে জিপিএ-৫ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে নেত্রকোনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ইংলিশ কার্নিভাল’। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ‘গ্র্যান্ড সেলিব্রেশন’ শীর্ষক এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৮ জনই ইংরেজি বিষয়ে ‘এ-প্লাস’ পাওয়ার এক অনন্য ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
সৌমিক শাহরিয়ার অয়নের সুমধুর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ননী গোপাল সরকার। স্বাগত বক্তব্য রাখেন ‘ইংলিশ কার্নিভাল’-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাব্বির হোসাইন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চল্লিশার মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর এবং ঢাকার তেজগাঁও-এর সহকারী সিনিয়র সাবেক প্রশিক্ষক মো. এজলু মিয়া।
সভাপতির বক্তব্যে প্রফেসর ননী গোপাল সরকার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য একাগ্রতা, আত্মত্যাগ ও কঠোর পরিশ্রমের তাগিদ দেন। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টির লক্ষ্যে তিনি গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি শিক্ষণীয় গল্প তুলে ধরেন। তিনি বলেন, “জ্ঞান লাভের জন্য জীবন বাঁচানোর মতো মরণপণ চেষ্টা থাকতে হবে, তবেই প্রকৃত জ্ঞান লাভ সম্ভব।” পরিশেষে তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং আলেকজান্ডার দ্য গ্রেটের গুরু-শিষ্য পরম্পরার উদাহরণ টেনে নিরবচ্ছিন্ন শিক্ষা ও একাগ্রতার ধারা বজায় রাখার আহ্বান জানান। ভালো ফলাফলের জন্য ‘সাব্বির স্যার’-এর শেখানো টেকনিকের সূত্র ধরে তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন- “যত পড়বে, তার চেয়েও বেশি লিখবে।” তিনি ইংলিশ কার্নিভালের মহতী এই উদ্যোগ এবং শিক্ষার্থীদের এমন তাক লাগানো ফলাফলের ভূয়সী প্রশংসা করেন।
স্বাগত বক্তব্যে ইংলিশ কার্নিভালের পরিচালক মো. সাব্বির হোসাইন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর ‘৩০ সেকেন্ডের অটোগ্রাফের পেছনে ৩০ বছরের সাধনা’র গল্পটি তুলে ধরে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী অধ্যবসায় ও পরিশ্রমের মূল্য সম্পর্কে সচেতন করেন। অভাবনীয় সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ময়মনসিংহ বোর্ডে যেখানে পাসের হার ৫৭% এবং গড় পাসের হার ৬২%, সেখানে ইংলিশ কার্নিভালের শিক্ষার্থীদের পাসের হার শতভাগ এবং ‘এ-প্লাস’ প্রাপ্তির হার ৮৫ শতাংশেরও বেশি। এটিকে তিনি প্রতিষ্ঠানটির বিগত ১০ বছরের নিরলস পরিশ্রমের ফসল বলে অভিহিত করেন। এই সাফল্যের জন্য তিনি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, বছরজুড়ে অক্লান্ত পরিশ্রম, পড়াশোনার চাপ এবং কাঠখড় পোড়ানোর পর আজকের এই দিনটি তাদের কাছে একটি ‘বিটারসুইট’ বা মিশ্র অনুভূতির মতো। এই সফলতার পেছনে তারা তাদের শিক্ষাগুরু মো. সাব্বির হোসাইনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও লক্ষ্যস্থিরতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। একজন শিক্ষার্থী তার অভিজ্ঞতায় জানায়, টেস্ট পরীক্ষার পর মাত্র ছয় মাস এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকেই তার পড়াশোনায় ব্যাপক উন্নতি হয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ সময় আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে ভবিষ্যতে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করা হয়। উৎসবমুখর আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



