নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘নজরুল বর্ষ’-এর বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় আয়োজিত হলো মনোজজ্ঞ ও ভাবগম্ভীর সাংস্কৃতিক সন্ধ্যা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শহরের পাবলিক হল মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্রোহী কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের অমর চেতনাকে ধারণ করে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নানা ধরনের মননশীল ও শ্রুতিমধুর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি এবং দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শিল্পীরা সাম্যের কবির প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মিলনায়তনে উপস্থিত দর্শকরা পিনপতন নীরবতায় নজরুলের সৃষ্টিশীলতার অনবদ্য উপস্থাপন উপভোগ করেন।
মহতী এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তার উপস্থিতি এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (অ্যাডভোকেট), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এবং কবি তানভীর জাহান চৌধুরী। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সংস্কৃতিমনা মানুষ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বর্তমান সমাজে নজরুলের প্রাসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও দ্রোহের বাণী যুগে যুগে অন্যায় ও শোষণের বিরুদ্ধে মানুষকে প্রেরণা জুগিয়ে আসছে।
“নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে তাঁর অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়াই হোক এবারের নজরুল বর্ষের মূল অঙ্গীকার।”
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন যুবসমাজকে সঠিক পথের দিশা দিতে এবং বৈষম্যহীন, মানবিক সমাজ গঠনে অনবদ্য ভূমিকা পালন করবে। নজরুলের আদর্শে বলীয়ান হয়ে সুস্থ ধারার সাংস্কৃতিক জাগরণের প্রত্যাশা নিয়েই শেষ হয় নেত্রকোনার এই মনোরম আয়োজন।



