নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. নাজমুল মিয়া (২৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকা এবং আনুমানিক এক হাজার ঘনফুট বালু জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বৃহস্পতিবারের অভিযানে অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের জন্য রাখা প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকার ইঞ্জিন সম্পূর্ণ অকেজো করে সেগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনের সময় নয়ানগর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. নাজমুল মিয়াকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়াও, অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা প্রায় একশো জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কঠোর নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। মহাদেও নদের পরিবেশ রক্ষায় ও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি নাজমুল মিয়াকে বৃহস্পতিবার বিকেলেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী অন্যান্য জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



