নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমি বর্গা নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মো. রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিম রফিকুল ইসলাম তার মামা আলকাছ মিয়ার কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করতে গিয়েছিলেন। আলকাছ মিয়ার আপন ভাগিনা এবং রফিকুলের আপন চাচাতো ভাই আবুল মিয়া ও হিল্লুল তাকে ওই জমি চাষ করতে বাধা প্রদান করেন।
এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে হিল্লুলের ভগ্নিপতি পারিবারিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। তার মধ্যস্থতায় আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় উভয় পক্ষ হিল্লুলের বসতঘরে সালিশি আলোচনায় বসেন।
বৈঠকে কথাবার্তার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তর্কাতর্কি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। মারামারির পর রফিকুল ইসলাম পার্শ্ববর্তী শহিদ মিয়ার চায়ের দোকানে গিয়ে বসেন। সেখানে বসা অবস্থায় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দিন সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ বেশ পুরোনো। জানা যায়, গত ২০২৫ সালের মার্চ মাসে অন্য একপক্ষের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে মারামারিতে রফিকুল ইসলাম মাথায় গুরুতর জখম হয়েছিলেন। সে সময় তিনি দীর্ঘদিন ঢাকা ও ময়মনসিংহের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং মাথায় অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিলেন।
ঘটনার সংবাদ পেয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামসহ পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, উপজেলা হাসপাতালে নিহতের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি।



