নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন মল্লিক নগর গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে। সে সদ্য সমাপ্ত উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে পরবর্তীতে বাড়িতে অবসর সময় কাটানোর অংশ হিসেবে মামুন পরিবারের গবাদিপশুর যত্ন ও দেখাশোনা করে আসছিল। শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই মামুন বাড়ির অদূরে গরুর জন্য ঘাস কাটতে যায়। সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করে তার ওপর তীব্র বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এবং প্রাণ হারায়। তরতাজা এ তরুণের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী আটপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম জানান, বজ্রপাতে শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।



