নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শিকদারপাড়া নামক স্থান থেকে এসব অবৈধ মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) ছয় সদস্য বিশিষ্ট একটি বিশেষ টহল দল এই আভিযানিক দলটিতে নেতৃত্ব দেয়।
আভিযানিক দলটি আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৪৩/৭-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক তিনশো গজ ভেতরে প্রবেশ করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শিকারপাড়া নামক স্থানে তল্লাশি চালায়। ওই নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে তারা পরিত্যাক্ত অবস্থা থেকে ৩৫ বোতল ভর্তি অবৈধ ভারতীয় মদ উদ্ধার করে। মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাল ফেলে পালিয়ে যাওয়ায় মাদকদ্রব্যগুলো ‘মালিকবিহীন অবস্থায়; জব্দ করা হয়। ফলে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মদের বোতলগুলো পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) মাদকবিরোধী এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান ও যেকোনো অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবির এ ধরনের নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।



