নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ সংরক্ষণ, অবৈধ বালু উত্তোলন রোধ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং ভোক্তা অধিকার নিশ্চিতে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে গত ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। ধারাবাহিক এসব অভিযানে কারাদণ্ড, লক্ষাধিক টাকার অর্থদণ্ডসহ বিপুল পরিমাণ অবৈধ বালু ও কারেন্ট জাল জব্দ করা হয়। জেলা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় প্রশাসন সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে। ১৩ আগস্ট বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে অবৈধ বালু পরিবহনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত তিন হাজার ঘনফুট বালু চিরাম ইউনিয়নের ঝুঁকিপূর্ণ রাস্তার গর্ত ভরাটে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। এরআগে, গত ১২ আগস্ট মোহনগঞ্জের টেংগাপাড়া স্লুইস গেইট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদেরের নেতৃত্বে অভিযানে সুনামগঞ্জের দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং স্থানীয় একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই দিন কলমাকান্দার কালিহালায় সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

অসাধু ব্যবসায়ীদের রুখতে এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে নিয়মিত বাজার তদারকি চলছে। ১৩ আগস্ট নেত্রকোনা সদরের উকিলপাড়ায় একটি আইসক্রিম কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিনের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ১২ আগস্ট সদরের বাসস্ট্যান্ড ও চল্লিশা এলাকায় এলপিজি গোডাউনে অনিয়ম ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৯ আগস্ট বারহাট্টার গোপালপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিনটি দোকানকে জরিমানা এবং সদরে লাইসেন্সবিহীন লোহা ও সিমেন্ট ব্যবসায়ীদের সাত হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদক ও নদী সুরক্ষায় পূর্বধলা উপজেলায় কঠোর অভিযান পরিচালিত হয়েছে। ৩ আগস্ট লাল বাজারে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের নেতৃত্বে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় দুজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। ৬ আগস্ট জারিয়া ইউনিয়নের মতিয়ার ডোবা বিলে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ২২টি চায়না দুয়ারী ও ৩৫টি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয় সরকার ও পরিবহন আইন বাস্তবায়নে ৩ আগস্ট নেত্রকোনা সদর কার্যালয় সংলগ্ন সড়ক থেকে অবৈধ দোকান ও মোটরবাইক স্ট্যান্ড উচ্ছেদ করে জরিমানা করা হয়। অন্যদিকে ১০ আগস্ট বারহাট্টার সিংধা ইউনিয়নে অতিরিক্ত বোঝাই ও লাইসেন্স ছাড়া নৌযান চালানোর অপরাধে এক চালককে ২৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম।

নেত্রকোনা জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা এবং সাধারণ মানুষের ভোক্তা অধিকার নিশ্চিতকরণে জনকল্যাণমূলক এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version