নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা, গভীর আবেগ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উদযাপিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন।

সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। কর্মসূচির শুরুতেই জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নীরবতা পালন শেষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর মধ্যে জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাতীয় ছাত্রশক্তি অন্যতম। এছাড়া গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার ও আহত পরিবারের সদস্যরাও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রদ্ধা নিবেদন ছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী আরও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান। দিনব্যাপী এসব আয়োজনে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version