নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় আসন্ন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সভায় সভাপতির বক্তব্যে, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রথমেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলন। এর কেন্দ্রবিন্দুতে ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা, যার মাধ্যমে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে প্রতিরোধ বা গণঅভ্যুত্থানের সূচনা করা হয়েছিল।

এই আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটি একটি ব্যাপক ও স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল, যেখানে শিশুরাও শহীদ হয়েছে। তিনি বিশেষভাবে শহীদ শিশুদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং যারা নির্মমভাবে আহত হয়েছেন তাদেরও শান্তি কামনা করেন।

রাষ্ট্রীয় জীবনে এই গণঅভ্যুত্থানের চেতনার বাস্তবায়নের ওপর জোর দিয়ে খন্দকার মুশফিকুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে চেতনা অর্জন করা হয়েছে, তা যেন শুধু কাগজ-কলম বা নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে না থাকে। রাষ্ট্রীয় জীবনের প্রতিটি সরকারি কর্মে যেন সেই চেতনার প্রতিফলন ঘটে, সেটিই সকলের প্রত্যাশা।

আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ৫ই আগস্টের যে অনুষ্ঠানটি আছে, সেটি স্বতঃস্ফূর্ত ও সার্বজনীন হতে হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা পরিস্ফুটিত হবে। তিনি আয়োজিত সকল অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং উল্লেখ করেন, অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত না হলে অনুষ্ঠানের সৌন্দর্যের বিচ্যুতি ঘটবে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version