গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আতিকুর রহমান মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ জানান, খেলা দেখতে তার স্বামী রাতে বাড়ির বাইরে যান। এই সুযোগে আতিকুর রহমান ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ এবিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।



