নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে ওঠায় নেত্রকোনার দুর্গাপুরে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছেন স্থানীয় ফুটবল প্রেমীরা। দল ফাইনালে উঠলে মহিষ জবাই করে আনন্দ উদযাপনের যে পূর্বঘোষণা তারা দিয়েছিলেন, তা বাস্তবে রূপ দিয়েছেন স্থানীয় একতা সমিতির লোকজন।
আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরপরই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী স্থানীয় একতা সমিতির উদ্যোগে উৎসবের প্রস্তুতি শুরু হয়। সকলের সম্মিলিত সিদ্ধান্তে গতকাল শনিবার বিকেলে দুই লাখ টাকা ব্যয় করে একটি মহিষ ক্রয় করা হয়। রবিবার (১৯ জুলাই) সকালে দুর্গাপুর পৌরসভার মার্কাস মোড় এলাকায় একতা সমিতির কার্যালয়ের সামনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মহিষটি জবাই করা হয়।
পুরো আয়োজনটি ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। জানা গেছে, আজ সন্ধ্যায় রান্নার কাজ শুরু হবে এবং রাত একটার দিকে, অর্থাৎ ফাইনাল খেলা শুরু হওয়ার ঠিক আগে ভুরিভোজ সম্পন্ন হবে।
এ প্রসঙ্গে একতা সমিতির উপদেষ্টা তাইজুল ইসলাম এবং সভাপতি হোসেন আলী জানান, এবারের প্রতিটি খেলাতেই একতা সমিতির সামনে বড় পর্দায় খেলা উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে। তারা জানান, আর্জেন্টিনা ভক্তদের উদ্দেশ্যে আগেই ঘোষণা করা হয়েছিল, দলটি যদি ফাইনালে যেতে পারে, তবে মহিষ জবাই করে ব্যাপক ভুরিভোজের আয়োজন করা হবে।
এই আয়োজন মূলত স্থানীয় সকল ফুটবল প্রেমী ও সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে আনন্দ উপভোগ করার একটি প্রয়াস। এই পুরো প্রক্রিয়ায় একতা সমিতির উপদেষ্টা তাইজুল ইসলাম, সভাপতি হোসেন আলী এবং সমিতির সদস্য মঞ্জুরুল হক মঞ্জুসহ অন্যান্যরা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন।
দুর্গাপুরের মার্কাস মোড় এলাকায় এখন বইছে উৎসবের আমেজ। ফুটবল উন্মাদনা আর ভুরিভোজের এমন আয়োজন স্থানীয়দের মধ্যে বাড়তি আনন্দ যোগ করেছে। রাতের ফাইনাল ম্যাচের আগে এই উৎসব পুরো এলাকাকে মিলনমেলায় পরিণত করবে বলে মনে করছেন আয়োজকরা।



