নিজস্ব প্রতিবেদক: পাহাড়ি ঢল ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং বন্যাপরবর্তী স্বাস্থ্যঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে নেত্রকোনা জেলা স্বাস্থ্য বিভাগ। ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত রোগ এবং সাপের উপদ্রব মোকাবিলায় পর্যাপ্ত জীবনরক্ষাকারী ওষুধ, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে ‘নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে অবহিতকরণ’ শীর্ষক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা।

প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন জানান, বন্যা পরিস্থিতিতে সাধারণত ডায়রিয়া, চর্মরোগ ও সাপের উপদ্রব বেড়ে যায় এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। সংকটকালীন বিকল্প হিসেবে বৃষ্টির পানি বা পুকুরের পানি বিশুদ্ধ করে পানের পরামর্শ দেন তিনি।

জেলার বর্তমান চিকিৎসাসামগ্রীর মজুত তুলে ধরে ডা. মো. গোলাম মাওলা বলেন, যেকোনো পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগের কাছে বর্তমানে ৫৭ হাজার খাবার স্যালাইন, ৩০ হাজারের বেশি আইভি ফ্লুইড (কলেরা স্যালাইন), ৪৬ হাজার ৬০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ২২৮ ডোজ অ্যান্টি-স্নেক ভেনম মজুত রয়েছে।

তিনি আরও জানান, বন্যা দীর্ঘস্থায়ী হলে আপৎকালীন মজুত বাড়াতে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে, যা আগামী ১৫-২০ দিনের মধ্যেই এসে পৌঁছাবে।

অনুষ্ঠানে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী স্বাস্থ্য বিভাগের আগাম প্রস্তুতির প্রশংসা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, পাহাড়ি ঢল ও সীমান্তবর্তী পানি আসার কারণে নেত্রকোনার মানুষকে প্রায়ই আকস্মিক বন্যার সম্মুখীন হতে হয়। স্বাস্থ্য বিভাগের এমন পূর্বপ্রস্তুতিতে জেলাবাসী অনেকটাই আশ্বস্ত হবেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধের কথা উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা যেকোনো দুর্যোগ, সংকট বা জনস্বার্থে আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষা না করেই ছুটে যান। সংক্ষিপ্ত নোটিশেও ২০ জন সাংবাদিকের উপস্থিতি তারই প্রমাণ। ভবিষ্যতেও জনস্বার্থে স্বাস্থ্য বিভাগ ও সংবাদকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।

প্রেস ব্রিফিংয়ে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা নুপুর, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএইচ ডা. দেবাশীষ সাহা, জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version