জামালপুর প্রতিনিধি: সরকার ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সফল বাস্তবায়ন এবং দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে জামালপুর সদর উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’।
সংস্থাটির দেশব্যাপী চলমান মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনায় অবস্থিত ইয়ুথ ক্যামব্রিজ স্কুলে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া। এছাড়াও অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং এলাকার বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় এদিন শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। চারা বিতরণের পাশাপাশি অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণ এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উন্মুক্ত স্থানে বেশ কিছু গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সঠিক নিয়ম এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণায়ন রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সন্তানের মতো তার যত্নও নিতে হবে। তারা উপস্থিত শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পতিত জায়গায় গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।
সংশ্লিষ্টরা জানান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি তাদের নিজস্ব “ক্লাইমেট অ্যাকশন” উদ্যোগের আওতায় দেশব্যাপী নিয়মিতভাবে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ এবং পরিবেশ সংরক্ষণবিষয়ক বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জামালপুরের এই কর্মসূচি তাদের সেই ধারাবাহিক ও বিস্তৃত পরিবেশবান্ধব উদ্যোগেরই একটি অংশ।



