নিজস্ব প্রতিবেদক: দেশীয় মৎস্য সম্পদ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার তাগিদে নেত্রকোনায় নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক জাল) ও কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার বড় বাজার এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সদর উপজেলার বড় বাজার এলাকার একটি জালের গুদামে অভিযান চালানো হয়। এ সময় ওই গুদামে তল্লাশি চালিয়ে আট বস্তায় ভর্তি তিনশোটি নিষিদ্ধ চায়না দুয়ারি বা ম্যাজিক জাল এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
অভিযানের পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে জব্দকৃত বিপুল পরিমাণ এসব নিষিদ্ধ জাল একটি খোলা মাঠে জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। একই সাথে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ এসব জাল মজুদ ও বিক্রির দায়ে হুলিয়া নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, নেত্রকোনা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ। এছাড়া পুরো অভিযানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এবং আইনগত সহযোগিতা প্রদান করে নেত্রকোনা সদর থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি এবং জলজ সম্পদ রক্ষায় সরকার কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। অসাধু ব্যবসায়ীরা গোপনে এসব জালের ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা আমাদের পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব অসাধু চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।”



