মোহনগঞ্জ প্রতিনিধি: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন এবং উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের চারপাশ প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মো. লুৎফুজ্জামান বাবর। তিনি তার বক্তব্যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পল্লী উন্নয়ন কর্মসূচির অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। সরকার পল্লী অঞ্চলের মানুষের ভাগ্যবদলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমের আওতায় তৃণমূলের বিভিন্ন সুবিধাভোগীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সুবিধাভোগীদের মাঝে গাছের চারা, বিভিন্ন প্রশিক্ষণের সনদপত্র এবং সফলদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন কার্যক্রমের বিপুল সংখ্যক সুবিধাভোগী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version