নিজস্ব প্রতিদেক: জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নেত্রকোনার বিভিন্ন উপজেলায় দিনব্যাপী ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

রবিবার (৫ জুলাই) জেলার বারহাট্টা, আটপাড়া ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, যানজট নিরসন ও ট্রাফিক আইন বাস্তবায়নে রবিবার বিকাল ৫টায় বারহাট্টা উপজেলার অটোস্ট্যান্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় উল্টোদিকে যানবাহন পার্কিং করে জনভোগান্তি ও যানজট সৃষ্টির অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী পাঁচটি মামলায় দুই হাজার পাঁচশো টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এর আগে, বিকেল ৪টার দিকে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড ও বাইপাস এলাকায় অপর একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযান চালানোর অপরাধে চালকদের স্বীকারোক্তির ভিত্তিতে ১০টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় জেলার আটপাড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালিত হয়। উপজেলার নবাবপুর, সীতারামপুর এবং পাহাড়পুর গ্রামের বিলে অবৈধ ‌‘চায়না দুয়ারী’ জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে- এমন অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এই উদ্যোগ নেয়। আটপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে বিল থেকে আনুমানিক ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

একই দিন আটপাড়া উপজেলার শ্রীরামপাশা গ্রামে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মো. শাহা আলম (৩৫) এক আসামিকে আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে পাঁচশো টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

জেলা প্রশাসনের মিডিয়া সেল আরও জানিয়েছে, জনস্বার্থে এবং সব ধরনের সামাজিক অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে জুয়া খেলা, অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে জেলার সর্বত্র নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version