নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা শহরের প্রধান প্রধান সড়কে এই শোডাউন অনুষ্ঠিত হয়। সমাবেশে জোটের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায় সরকার না মানলে ছাত্র-জনতার অংশগ্রহণে ‘আরেকটি ২৪’ বা নতুন গণঅভ্যুত্থান সংগঠিত করা হবে।

শনিবার বাদ আসর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জোটভুক্ত দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. বদরুল আমিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা। তিনি তার বক্তব্যে সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, ‘যে সরকার জনগণের রায়কে মানতে চায় না, সেই সরকার কখনও জনগণের সরকার হতে পারে না। আমরা চাই বর্তমান সরকার সফল হোক, সেজন্য আমরা তাদেরকে একটি নির্দিষ্ট সময়ও দিতে চাই। আমরা আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’

সরকারকে হুঁশিয়ার করে তিনি আরও বলেন, ‘যদি সরকার দেশের সত্তর শতাংশ (৭০%) জনগণের দেওয়া গণভোটের রায়কে মেনে না নেয়, তবে আমরা ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের সিদ্ধান্তে ‘আরেকটি ২৪’ এর মতো গণঅভ্যুত্থান সংগঠিত করতে বাধ্য হবো।’

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ বর্তমান সরকারের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘এই সরকার হলো জুলাই গণআন্দোলনের ফসল। জুলাই গণঅভ্যুত্থান এককভাবে কোনো নির্দিষ্ট দলের ফসল নয়, এটি আপামর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত। আপনারা ৫১ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছেন, কিন্তু গণভোটে এদেশের জনগণ সত্তর শতাংশ ভোট দিয়েছে। সেই বিপুল সংখ্যাগরিষ্ঠ গণভোটের রায়কে আপনারা মানছেন না, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘এ দেশের জনগণ চায় আপনারা দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। রাষ্ট্রের প্রয়োজনীয় সংবিধান সংস্কার করবেন এবং সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর করবেন। জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে আপনাদেরও জবাবদিহি করতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সংহতি প্রকাশ করেন নেত্রকোনা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রকোনা জেলা সেক্রেটারি মাওলানা আসাদ উল্লাহ আকন্দ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জেলা সভাপতি মিজানুর রহমান মুকুলসহ ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে জনগণের ভোটাধিকার, আইনের শাসন এবং গণভোটের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version