রবিবার, সেপ্টেম্বর ১৩

নিজস্ব প্রতিবেদক: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নেত্রকোনা কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। মোট তিনটি বিভাগে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা তাদের রং-তুলির আঁচড়ে গ্রামীণ জীবন, প্রকৃতি ও পল্লী উন্নয়নের নানা দিক ক্যানভাসে ফুটিয়ে তুলে নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জাফরুল ইসলাম, বিআরডিবির উপপরিচালক সজল চন্দ্র সূত্রধর, জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আল সামছ মোহাম্মদ গোলাম মৌলা এবং বিআরডিবির হিসাবরক্ষক সেন্টু কুমার তালুকদার।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার পাশাপাশি এমন সৃজনশীল আয়োজনে যুক্ত হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হলে তা তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আরও বেশি উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানে বিআরডিবির উপপরিচালক সজল চন্দ্র সূত্রধর বলেন, ‘পল্লী উন্নয়ন বলতে শুধু অর্থনৈতিক অগ্রগতিকেই বোঝায় না; বরং শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ মানুষের সার্বিক উন্নয়নই হলো এর মূল লক্ষ্য। নতুন প্রজন্মের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই আমাদের এ যৌথ আয়োজন।’

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পল্লী উন্নয়ন দিবসের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই শিক্ষার্থীদের মাঝে পল্লী উন্নয়নের গুরুত্ব সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করতে এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version