নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যমানের ভারতীয় কেমিক্যাল (হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড) ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ জুলাই) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। এরআগে, গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের সবুজের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে খারনৈ বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে সবুজের মোড় নামক স্থানে ভারত থেকে আসা সন্দেহভাজন একটি মিনি ট্রাক দেখতে পায় বিজিবি। টহল দল ট্রাকটিকে থামার জন্য চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা সেটি রাস্তায় ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা মালিকবিহীন ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬ ড্রাম ভারতীয় ‘হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি’ কেমিক্যাল উদ্ধার করে।

বিজিবি জানায়, জব্দকৃত ১৬ ড্রাম কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং চোরাচালানে ব্যবহৃত মিনি ট্রাকটির মূল্য ১৮ লাখ টাকা। সর্বমোট ৫০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

আটককৃত কেমিক্যাল ও ট্রাক নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ৩১ বিজিবির অধিনায়ক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version