রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অভ্যন্তরীণ বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০২ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় মহাবিদ্যালয়ের ৩১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এ পুরস্কার ও সনদ দেওয়া হয়।
সাহিত্য, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ কমিটির আহ্বায়ক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যাপক মো. মোজাফফর হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সহ-সভাপতি মো. আছাদুজ্জামান ও গজেন্দ্র নাথ বর্ম্মন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. সেলিমুর রহমান। অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. মুরাদুল আলমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান। বক্তারা বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাহিত্য, সংস্কৃতি ও বিতর্কচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যুক্তিবোধ বিকাশে সহায়তা করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১০২ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।



