নিজস্ব প্রতিবেদক: ‘বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা…’- শ্রেণিকক্ষে একঝাঁক শিক্ষার্থীর সমবেত কণ্ঠে এই গান যখন প্রতিধ্বনিত হচ্ছিল, তখন উপস্থিত শিক্ষক ও সহপাঠীদের অনেকের চোখেই অশ্রু। শুধু গান নয়, কেউ মনের মাধুরী মিশিয়ে এঁকেছে বাবার ছবি, কেউ আবার সাদা কাগজে লিখেছে বাবাকে নিয়ে জমানো হাজারো না-বলা কথার খোলা চিঠি। বিশ্ব বাবা দিবস উপলক্ষে গতকাল নেত্রকোনা জেলা শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে এমন এক আবেগঘন ও ব্যতিক্রমী দৃশ্য।

শিক্ষার্থীদের মধ্যে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাবোধ, গভীর ভালোবাসা ও নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজার বিশেষ উদ্যোগে ভিন্নধর্মী কার্যক্রমের আয়োজন করা হয়।

রবিবার (২১ জুন) বেলা ১১টা থেকে শহরের ওয়েসিস বিয়াম ল্যাবরেটরী স্কুল, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও জেলা কালেক্টরেট স্কুলে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি ১৫ থেকে ২০ মিনিট সময় রাখা হয় বাবার প্রতি অনুভূতি প্রকাশের বিশেষ এই সেশনের জন্য।

ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নিয়ে খুদে শিক্ষার্থীরা তাদের বাবার উদ্দেশ্যে উন্মুক্ত চিঠি লেখে এবং নিজেদের মতো করে শুভেচ্ছা কার্ড ও ছবি তৈরি করে। বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী কৈলাশ চক্রবর্তী তার কার্ডে লেখে- “পৃথিবীর সব বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা।” একই স্কুলের শিক্ষার্থী রাফিয়া দানিন মুনম তার বাবার সঙ্গে কাটানো বিভিন্ন আনন্দময় স্মৃতি ও জন্মদিনে পাওয়া উপহারের কথা চিঠিতে তুলে ধরে। অন্যদিকে, অনিরুদ্ধ ঘোষ আর্য নামের এক খুদে শিক্ষার্থীর বাবা একজন প্রবাসী। বাবাকে কাছে না পাওয়ার আকুলতা থেকে সে বাবার হাত ধরে থাকার একটি চমৎকার স্কেচ এঁকে সবাইকে আবেগাপ্লুত করে তোলে। নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিশা দানিন মাহা বলে, “আমার কাছে আমার বাবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বাবা আমার সব আবদার সবার আগে পূরণ করেন।”

অভিভাবক টিটু দেবনাথ বলেন, “নেত্রকোনায় এর আগে কোনো স্কুল বাবা দিবস উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজন করেনি। ওয়েসিক বিয়াম ল্যাবরেটরী স্কুলের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। শুভেচ্ছা কার্ডের মাধ্যমে শিশুদের মনে বাবার প্রতি অনুভূতি ও ভালোবাসা জাগ্রত করার এই প্রচেষ্টা আমার খুব ভালো লেগেছে। আমি চাই নেত্রকোনার অন্যান্য স্কুলগুলোও যেন পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক ও ইতিবাচক প্রোগ্রাম চালু করে।”

স্কুলে উপস্থিত এক শিক্ষার্থীর মা রোকসানা প্রশাসনের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার সন্তান তার বাবার জন্য পাগল। স্কুলের এ আয়োজন সন্তানের মনে বাবার প্রতি সম্মান ও ভালোবাসার জায়গাটিকে আরও সুদৃঢ় করবে।”

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের এমন আবেগঘন চিঠি ও অনুভূতির প্রকাশ দেখে শিক্ষকেরাও নিজেদের ধরে রাখতে পারেননি। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শ্রেণি শিক্ষক মাহমুদা আক্তার আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “চিঠিগুলো পড়তে গিয়ে আমার নিজের চোখেই জল চলে এসেছিল। ডিজিটাল যুগে আমরা চিঠি লেখা ভুলতেই বসেছি। শিশুরা মুখে যা বলতে পারে না, চিঠিতে তা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি ছাত্রীর চিঠি নিজ দায়িত্বে ডাকযোগে বা ব্যক্তিগতভাবে তাদের বাবাদের কাছে পৌঁছে দেব।”

এদিকে, ওয়েসিস বিয়াম ল্যাবরেটরী স্কুলের উপাধ্যক্ষ নারায়ণ কিশোর সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শিশুর জীবনে বাবার অবদান যে কতটা বিশাল, তা এই অল্প বয়স থেকে অনুধাবন করানো জরুরি। অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের সুচিন্তিত দিক নির্দেশনা আমাদের শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে বড় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরাসরি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের পাঠ দেন এবং জীবনের কোনো পর্যায়েই মা-বাবাকে কষ্ট না দেওয়ার জন্য শপথ করান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বাবারা আমাদের মাথার ওপর ছায়ার মতো। নিজেদের সব শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে তারা সন্তানদের মুখে হাসি ফোটান। তাই আমাদের প্রত্যেকের উচিত বাবার প্রতি দায়িত্বশীল হওয়া।” একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে “বাবা, তোমাকে অনেক ভালোবাসি” বলার আহ্বান জানান।

প্রশাসনের মানবিক ও ব্যতিক্রমী এই উদ্যোগটি সচেতন মহলে ব্যাপক সাড়া ফেলেছে। শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক সেশন চালুর দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকেরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version