জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা থেকে পৃথক পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বকশীগঞ্জে তীব্র তাপদাহের মধ্যে মাঠ থেকে ধান কাটার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বাকি দুই উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ এবং এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ও দুপুরে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিলের মুড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের কমেজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদের পরদিন থেকেই জামালপুরের উত্তরাঞ্চলে মৃদু তাপদাহ বিরাজ করছে। তীব্র গরমের মধ্যেই বেলা ১১টার দিকে বাড়ির পাশে নিজের খেতে ধান কাটতে যান কৃষক সানোয়ার হোসেন। ধান কাটার একপর্যায়ে দুপুর ১টার দিকে প্রচণ্ড গরমে তিনি মাঠেই হিট স্ট্রোক করেন।

এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হীরা (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ।

সরিষাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এছাড়া জামালপুরের মেলান্দহ উপজেলার দাঁতভাঙ্গা ব্রিজ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেলান্দহ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version