গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। ​আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল বাসারের ছেলে অটোরিকশা চালক ফরিদ মিয়া (৪৭)। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে গাইবান্ধা শহর থেকে ছেড়ে আসা মুরগি পরিবহনের একটি পিকআপ ভ্যান দারিয়াপুরের দিকে যাচ্ছিল।

পথে কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান। ​পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফরিদ মিয়াসহ অন্য আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনায় আহত অন্য চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার শিকার যান দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version