সোমবার, সেপ্টেম্বর ১৪

জামালপুর প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধি ভবিষ্যৎ’- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরেও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাধারণ মানুষকে ভূমি বিষয়ক সেবা সম্পর্কে সচেতন করতে এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যেই মেলার আয়োজন করা হয়েছে।

মেলার প্রথম দিন সকালে উদ্বোধন উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন আখতার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে নানাদিক নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, ডিজিটাল খাজনা ও ই-নামজারি (খারিজ) প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সেবা প্রার্থীদের এখন দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। সনাতনী পদ্ধতির বদলে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু হওয়ায় মানুষের ভোগান্তি কমেছে। আধুনিক ভূমি সেবার সুফল পেতে এবং নিজেদের ভূমি সুরক্ষিত রাখতে জনগণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

তিন দিনব্যাপী এই মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে সাধারণ মানুষ সরাসরি ভূমি বিষয়ক নানা পরামর্শ ও তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version