নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলের ওপর নতুন করে নির্ধারণ করা অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মোটরসাইকেল রাইডারদের সংগঠন ‘রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব’।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সাধারণ মোটরসাইকেল চালকদের অধিকার আদায়ের এ কর্মসূচিতে রাইডারদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা নতুন কর আরোপের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, বর্তমান সময়ে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে মোটরসাইকেল। একটি মোটরসাইকেল ক্রয়ের সময়ই ক্রেতাদের উচ্চহারে ভ্যাট ও কর পরিশোধ করতে হয়। এর বাইরে গাড়ি রাস্তায় নামানোর পর প্রতি বছর নিয়মিতভাবে রোড ট্যাক্সও দিয়ে আসছেন চালকরা।

বক্তারা আরও বলেন, এসব চলমান করের বোঝার ওপর নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা সম্পূর্ণ অযৌক্তিক। এই সিদ্ধান্ত সাধারণ, মধ্যবিত্ত ও পেশাজীবী মোটরসাইকেল চালকদের ওপর বড় ধরনের আর্থিক চাপ ও দুর্ভোগ সৃষ্টি করবে। তাই জনস্বার্থে দ্রুত এই অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতারা।

এদের মধ্যে বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে বি এম নোমান শাহরিয়ার, রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সিনিয়র সদস্য আবদুল মান্নান ও খাইরুল ইসলাম, বৈশাখী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক তুষার দত্ত, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক এবং পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রুবায়েতুজ্জামান রাপ্পুসহ আরও অনেকে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করা না হলে সাধারণ চালকদের নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version