জামালপুর প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং জেলার সার্বিক যানজট নিরসনের লক্ষ্যে জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জামালপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জামালপুর সার্কেলের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলী।
সভায় স্থানীয় প্রশাসন, পরিবহন খাত এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লা বিন রশিদ, বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক আনোয়ারুল কিবরিয়া, বিআরটি’র মোটরযান পরিদর্শক মঞ্জিল হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি এম আর জলিল, বাস মালিক সমিতির নেতা দিদারুল আলম কালা প্রমুখ।
আসন্ন ঈদুল আযহায় মানুষের বাড়ি ফেরা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা জেলা সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
সভায় যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয় তা হলো- মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রেজিস্ট্রেশনবিহীন ও ফিটনেসবিহীন অবৈধ যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ ও বন্ধ করা। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এক শ্রেণির অসাধু পরিবহন মালিক ও শ্রমিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে, এবার যেন কোনোভাবেই যাত্রীদের পকেট কাটা না যায়, সে বিষয়ে কঠোর মনিটরিংয়ের দাবি জানানো হয়। টার্মিনালগুলোতে টিকিট কালোবাজারি এবং যাত্রী হয়রানি রোধে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার আহ্বান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইউসুপ আলী সংশ্লিষ্ট সকল দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। পরিবহন মালিক ও শ্রমিকদেরকে সরকারি নিয়ম মেনে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহনের আহ্বান জানানোর পাশাপাশি তিনি যাত্রী সাধারণকেও সচেতন হওয়ার অনুরোধ করেন।



