জামালপুর প্রতিনিধি: ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৬ মে) বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্র ও অসহায় এক হাজার ২৯৫টি পরিবারের হাতে কার্ড তুলে দেওয়া হয়।
এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ২০টি জেলায় ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বকশীগঞ্জের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাতভিটা ও তানিয়াপাড়া গ্রামের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ।”
সহায়তার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, এই কর্মসূচির আওতায় কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ডিজিটাল মাধ্যমে ‘বিকাশ’ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা গৃহবধূদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, “সংসারের প্রয়োজনীয় খরচ সম্পর্কে নারীরাই সবচেয়ে ভালো জানেন। তাই সহায়তার অর্থ সরাসরি তাদের হাতে পৌঁছানোর ফলে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক এবং জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন অনুষ্ঠানে অংশ নেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান গামা এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।



