ভোলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে সাত সাংবাদিক ও উপজেলা বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জানা গেছে, সম্প্রতি চরফ্যাশনে সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচিতি সভায় চরফ্যাশন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ ও ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কারণ ব্যাখ্যা চেয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়।
পরে সেই চিঠির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলাটি রেকর্ডভুক্ত করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি জুলফিকার মাহমুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক ঢালী, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।
সাংবাদিকদের দাবি, নিজেদের বিরুদ্ধে করা কটূক্তির প্রতিবাদ ও ব্যাখ্যা চাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাদের হয়রানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ বলেন, আদালতের নির্দেশনার পর মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।



