পীরগঞ্জ ( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দড়িমিয়ান আলীর ছেলে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘর থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।
এ সময় বেল্লাল হোসেনের পাশাপাশি পার্শ্ববর্তী রানিশংকৈল উপজেলার পৌর এলাকার কুণ্ডুপাড়া গ্রামের প্রদীপ কুমার দত্তের ছেলে টিংকু দত্তকে আটক করা হয়। ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিলার রহমান জানান, জব্দকৃত আলামতসহ দুইজনকে আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।