নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা পরিমাণ বিদেশি মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৪ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে।
সোমবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদে। তিনি বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে গতকাল (রবিবার) দুপুরে দুর্গাপুরের পূর্ব মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, দুর্গাপুর থানার এসআই (নিঃ) নূর ইসলাম ও এসআই (নিঃ) মো. আব্দুল কাইয়ুম ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। বেলা আনুমানিক দেড়টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায়, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকার নতুন শাহী জামে মসজিদের উত্তরপাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে পুলিশ তিনটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ৮০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত মদের মধ্যে রয়েছে- ৭৫০ মি.লি. ওজনের ৩৬ বোতল ও ৩৭৫ মি.লি. ওজনের ২৪ বোতল ‘ম্যাকডুয়েলস লাক্সারী ব্লেন্ডেড হুইসকি’ এবং ৩৭৫ মি.লি. ওজনের ২০ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের বিদেশী মদ।
পুলিশের ভাষ্য মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মদ সংগ্রহ করে দুর্গাপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



