সোমবার, অক্টোবর ১২

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে বিশেষ করে বাইকারদের জন্য জ্বালানি সংগ্রহ এখন আরও সহজ ও ঝামেলামুক্ত হয়ে উঠছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় জনগণের জ্বালানি প্রাপ্তি নিশ্চিত ও ভোগান্তি কমাতে এ কার্যক্রম চালু করা হয়েছে। এতে নির্ধারিত নিয়মে কার্ডধারীরা সহজেই পেট্রোল ও অকটেন সংগ্রহ করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানান, যারা এখনো ফুয়েল কার্ডের জন্য আবেদন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদন করতে হলে ড্রাইভিং লাইসেন্স, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (লার্নার কার্ড) বা লাইসেন্সের আবেদনের কপি এবং গাড়ির রেজিস্ট্রেশন সনদ, রেজিস্ট্রেশনের জন্য জমাকৃত অর্থের রশিদ অথবা শোরুম থেকে গাড়ি ক্রয়ের কাগজপত্রের যেকোনো একটি জমা দিতে হবে।

এছাড়া আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন অনুযায়ী নির্ধারিত সরকারি দপ্তরে এসব আবেদন গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী সোমবার ও মঙ্গলবার আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদনের ভিত্তিতে আগামী ০৩ মে (রবিবার) থেকে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।”
এ কার্যক্রম সফল করতে উপজেলা প্রশাসন সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version