নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও একাদশ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারসহ অন্যান্য নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা উপজেলা বিএনপি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির তীব্র নিন্দা জানানো হয়।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পূর্বধলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বধলা উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির। এছাড়াও দলের অবস্থান ও সাম্প্রতিক সাইবার প্রোপাগান্ডা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাবুল আলম তালুকদার।

লিখিত বক্তব্যে হাবিবুর রহমান ফকির জানান, সম্প্রতি নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা ‘মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে’ যান। সরকারি নির্দেশনা মোতাবেক বিকেল ৫টার পর পাম্প বন্ধ থাকার কথা। কিন্তু সংসদ সদস্যের সহকারী আলামিনের পাম্প ম্যানেজারকে তেল দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এসময় সেখানে উপস্থিত সাধারণ জনতা সরকারি নির্দেশ অমান্য করে তেল নেওয়ার প্রতিবাদ করলে আলামিনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সংসদ সদস্যের গাড়িতে ভাঙচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হাবিবুর রহমান আরও বলেন, “ঘটনাটি জানতে পেরে পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় সংসদ সদস্যকে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঘটনার সময় আলহাজ্ব আবু তাহের তালুকদার ঢাকায় অবস্থান করছিলেন, যা সহজেই যাচাইযোগ্য। তারপরও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার অসারতা তুলে ধরে তিনি জানান, এ মামলায় ৪৭ নম্বর আসামি করা হয়েছে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আবু বক্কর রানাকে, যিনি গত তিন মাস ধরে ময়মনসিংহের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। ২২ নম্বর আসামি করা হয়েছে সদর ইউনিয়ন বিএনপির নেতা মানিক মিয়াকে, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। এমনকি ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনে যাওয়া সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ সাকিবকেও ৫৯ নম্বর আসামি করা হয়েছে। এ মামলাকে বিগত স্বৈরাচারী সরকারের ‘গায়েবি মামলার’ নতুন সংস্করণ বলে আখ্যা দেয় বিএনপি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাবুল আলম তালুকদার সাম্প্রতিক সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সাইবার হামলার তীব্র নিন্দা জানান।

তিনি অভিযোগ করেন, রাশেদ প্রধান নামক এক ব্যক্তিসহ জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মী ও ফেক আইডি থেকে তারেক রহমান এবং তার কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও ও পোস্ট শেয়ার করা হচ্ছে। ‘খাম্বা’ শব্দ ব্যবহার করে ট্রল করা, বয়কট ক্যাম্পেইন চালানো এবং কুরুচিপূর্ণ স্লোগান ব্যবহারের মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। তিনি এসব সাইবার অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং এ বিষয়ে সম্প্রতি পূর্বধলা থানা একটি সাইবার মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলন থেকে পূর্বধলা উপজেলা বিএনপি পক্ষ থেকে বেশ কয়েকটি সুস্পষ্ট দাবি তুলে ধরা হয়েছে। তা হলো- অবিলম্বে আলহাজ্ব আবু তাহের তালুকদারসহ অন্যান্য নেতাকর্মীদের নামে দায়েরকৃত ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায়, বিএনপির নিরীহ নেতাকর্মীদের হয়রানি অবিলম্বে বন্ধ এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূর্বধলা উপজেলা বিএনপি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে পূর্বধলা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেনউপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ. রহিম তালুকদার, যুগ্ম-আহ্বায়ক ছায়েদ আলম মামুন শহীদ, সেলিম উদ্দিন, রুহুল আমিন ফকির, আ. গফুর, যুবদলের আহ্বায়ক আবুল মনসুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version