নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ২৬ কেজি অবৈধ গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। সিএনজিতে যাত্রীর ছদ্মবেশে প্লাস্টিকের বস্তা ও স্কুল ব্যাগে করে এসব মাদক পাচার করা হচ্ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী জেলার বাসিন্দা মো. সজিব মিয়া (৩৪) এবং দিনাজপুর জেলার বাসিন্দা মো. মানিক (২৭)।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে র‍্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গৌরীপুর থানার রামগোপালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪ এর সদর কোম্পানি।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব-১৪। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগোপালপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে যাত্রীর ছদ্মবেশে থাকা সজিব ও মানিককে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে একটি প্লাস্টিকের বস্তা, একটি ফ্যামিলি ব্যাগ এবং একটি স্কুল ব্যাগের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করে র‍্যাব।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র‍্যাব-১৪ এর এমন অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version