জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০), রুকু (৫৫), দণ্ডপ্রাপ্ত তিন আসামিই জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী গৃহবধূ জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে অবস্থান করছিলেন। এ সময় আসামি বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকু তাকে সেখান থেকে জোরপূর্বক অপহরণ করে খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে নিয়ে যায়।
সেখানে আটকে রেখে প্রথমে তারা রুকুর সাথে ভুক্তভোগী গৃহবধূর জোরপূর্বক বিয়ে পড়ানোর চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে একপর্যায়ে ওই তিন আসামি মিলে অসহায় ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
নৃশংস এ ঘটনার পরদিন ভুক্তভোগী নারী তার স্বামীকে পুরো বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
দীর্ঘ দুই বছর ধরে চলা এ মামলার বিচার প্রক্রিয়ায় আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ (বৃহস্পতিবার) আদালত তাদের তিনজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার রায় প্রদান করেন।

