জামালপুর প্রতিনিধি: কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ট্রাকে পরিবহনকালে জামালপুরে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত পাঁচশো বস্তা সরকারি চাল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। এ সময় চাল বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং মো. সামসুল হক (৫৪) নামে কালোবাজারি চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এর একটি আভিযানিক দল গতকাল (বুধবার) বিকেল ৪টার দিকে জামালপুর সদর থানার ডাকপাড়াস্থ সেতুলী বোম্বে গার্ডেন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত পাঁচশো বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক মো. সামসুল হককে আটক করা হলেও কালোবাজারি চক্রের অন্যান্য অজ্ঞাতনামা সদস্যরা কৌশলে পালিয়ে যায়। আটক সামসুল হকের বাড়ি টাঙ্গাইল জেলায়।

অভিযানকালে চাল বহনে ব্যবহৃত ট্রাক, চালান রশিদ এবং খাদ্য অধিদপ্তরের বিলি আদেশ জব্দ করে র‍্যাবের আভিযানিক দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ জানায়, আটককৃত আসামিসহ পলাতক চক্রটি দীর্ঘদিন যাবৎ সরকারি জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের চাল অসাধু উপায়ে সংগ্রহ করে আসছিল। তারা বিভিন্ন কৌশল ও সুযোগ বুঝে মজুদকৃত এসব চাল কালোবাজারে উচ্চ মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ হাতিয়ে নিচ্ছিল।

র‍্যাব-১৪ আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, চোরাচালান ও কালোবাজারিসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে র‍্যাব। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও অপরাধ নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইতোমধ্যে আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে জামালপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version